টঙ্গীর হাজীর মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে মাদক কার্যক্রম নিয়ন্ত্রণে অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বস্তির বিভিন্ন অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকার অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ডেসকোর নির্বাহী প্রকৌশলী এ কে এম নাজিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি মাদক স্পটগুলোর বিদ্যুৎ, পানি, গ্যাস ও ইন্টারনেট সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, হাজীর মাজার বস্তির মতো এত বড় পরিসরে প্রকাশ্যে মাদক সেবনের চিত্র দেশের অন্য কোথাও খুব একটা দেখা যায় না। বিষয়টি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য উদ্বেগের কারণ ছিল।

মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights