পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, জানাল ফিফা
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফাইনালের পর ফিফার অফিসিয়াল ম্যাচ ট্র্যাকারে পারেদেসের নামের পাশে সাময়িকভাবে লাল কার্ড দেখানো হলেও পরে সেটি সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে ম্যাচ-সংক্রান্ত শাস্তির তালিকাতেও তার নাম রাখা হয়নি।
তবে ম্যাচ শেষে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ায় পারেদেসের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আলাদা তদন্ত চলছে। ফাইনাল শেষে মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরে তাকে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একই ঘটনায় স্পেনের মিডফিল্ডার গাভিকেও ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে আর্জেন্টাইন এই মিডফিল্ডারের বিরুদ্ধে।
সোমবার ফিফা জানায়, ম্যাচ-পরবর্তী সংঘর্ষের ঘটনা তদন্তে একজন শৃঙ্খলা ও নৈতিকতাবিষয়ক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজন মনে করলে তিনি আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরুর সুপারিশ করতে পারবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশন, খেলোয়াড় বা কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিতে পারবেন।
পারেদেস ছাড়াও ফাইনালের পরের সংঘর্ষে আরও কয়েকজনের বিরুদ্ধে তদন্ত হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্পেন অধিনায়ক রদ্রি উদ্যাপন করতে মাঠের মাঝখানে যাওয়ার সময় আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনা তাকে ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে। এছাড়া আরেকটি ভিডিওতে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে স্পেনের দানি ওলমোর সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়াতে দেখা যায়।
এদিকে ফাইনালে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়েছেন পারেদেস। সমর্থকদের উদ্দেশে তিনি লেখেন, দল কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে না পারলেও খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং দেশের পতাকার মর্যাদা অক্ষুণ্ন রাখতে সর্বস্ব উজাড় করে দিয়েছেন।
