টানা দরপতনের পরও সেঞ্চুরির ঘরে তেলের ব্যারেল

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের পরিশোধিত ও অপরিশোধিত তেল বিশ্ববাজারে পৌঁছানোর জন্য বিকল্প পরিবহনের আশা তৈরি হওয়ায় জ্বালানি তেলের দাম কমেছে। সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি বিমান হামলা সত্ত্বেও তেলের বাজারে দরপতন দেখা গেছে।

শুক্রবার লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে। এর মাধ্যমে বাজারে টানা তিন কার্যদিবস তেলের দরপতন ঘটল।

ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১.০১ ডলার বা ১ শতাংশ কমে ১০৩.৭৭ ডলারে নেমেছে। ডব্লিউটিআই মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচার্স ১.০৩ ডলার বা ১ শতাংশ কমে প্রতি ব্যারেলে ১০০.৮৮ ডলারে লেনদেন হচ্ছে।

উল্লেখ্য, আগের দিন বৃহস্পতিবারও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দু’টি বেঞ্চমার্কের দাম প্রায় ১ শতাংশ করে কমেছিল। বৃহস্পতিবার সৌদি আরব এবং ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা নিজেদের সীমান্তজুড়ে নতুন করে হামলা চলায় মধ্যপ্রাচ্যে উত্তাপ আরও বাড়ে। তবে বাজারে জ্বালানি সরবরাহ পুরোপুরি বিঘ্নিত হওয়ার ঝুঁকিকে তেল ব্যবসায়ীরা বড় করে দেখছেন না। বিকল্প রুট ব্যবহারের মাধ্যমে বিশ্ববাজারে তেল সরবরাহ অব্যাহত রাখার প্রত্যাশাই দরপতনের প্রধান কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights