টিসিবির ট্রাকের পেছনে দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে কম দামে টিসিবির পণ্য নিতে ট্রাকের পেছনে শত শত মানুষের ভিড় দেখা গেছে। পণ্য নিতে আসা ক্রেতারা বলছেন, রোজার আগেই প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়েছে। যেসব পণ্যের দাম এক-দুই মাস আগেও কম ছিল, তা বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। অল্প দামে পণ্য পেতে ট্রাকের পেছনে ভিড় করছেন তারা।

প্রতিদিন নগরীর ১৫ পয়েন্টে মোট ১৫টি ট্রাকে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতি ট্রাক থেকে ৪০০ জন পণ্য কিনতে পারছেন। প্রতি প্যাকেজে ৫৯০ টাকায় ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি করে চিনি ও ছোলা এবং আধা কেজি খেজুর কিনতে পারছেন ক্রেতারা। তবে বিক্রির প্রথম দিন থেকেই কয়েকটি পয়েন্টে বিশৃঙ্খলা দেখা গেছে। কোথাও কোথাও লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতির ঘটনাও ঘটেছে। বানু বেগম নামের এক নারী অভিযোগ করে বলেন, ‘আমরা কাজকাম ফেলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকি। আর পিছ থেকে আইসে মাল নিয়া চলে যায়।’

টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান বলেন, ‘কিছু জায়গায় লাইনে বিশৃঙ্খলা দেখা গেছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিটি করপোরেশনসহ অন্যদের চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছি আমরা। তাদের সহযোগিতা পেলে বিশৃঙ্খলা কমবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights