টেকনাফে পাহাড়ে জিম্মি করে রাখা ৪৪ জনকে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফের বাহারছড়া গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, অভিযান পরিচালনা করে গহীন পাহাড়ি এলাকায় আটক এ সব ব্যক্তি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা হতে সকাল ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যরা পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জন ব্যক্তিকে উদ্ধার করে।’

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, একাধিক সংঘবদ্ধ পাচার চক্র বিদেশে উচ্চ বেতন, উন্নত জীবনযাপন, স্বল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনামূল্যে প্রেরণের প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করেছিল। তারা টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় উদ্ধারকারীদের জিম্মি রাখে এবং সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে বোটের মাধ্যমে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছিল।

তারা আরও জানায়, পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল।

সিয়াম-উল-হক আরও জানান, অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তাদের ধরার জন্য কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। মানবপাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights