টেকনাফে শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি
কক্সবাজারের টেকনাফের হ্নীলা দারুসসুন্নাহ মাদরাসার নূরানী বিভাগের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ফারিহা আক্তার (৮) অপহরণের শিকার হয়েছে। পরে ভিকটিমের পরিবারের কাছ থেকে মোবাইল ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ উঠেছে।
অপহৃত শিশু ফারিহা আক্তার (৮) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড মৌলভী বাজারের ছানা উল্লাহ এর মেয়ে। বৃহস্পতিবার রাতে টেকনাফের হ্নীলা বাজার থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে বিষয়টি জানিয়েছেন ভিকটিমের মা জেসমিন আক্তার।
ভিকটিমের মা জেসমিন আক্তার বলেন, বৃহস্পতিবার রাত ৭টার দিকে আমার মেয়ে ফারিহা হ্নীলা পশ্চিম সিকদার পাড়া তার বড় আম্মার বাড়ি থেকে ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে আমার কাছে মোবাইলে ফোন করে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করছে অপহরণকারীরা। এ ঘটনার পর রাতে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তবে এখনো পর্যন্ত আমার মেয়ের কোন সন্ধান মিলেনি। সে হ্নীলা দারুসসুন্নাহ মাদরাসার নূরানী বিভাগের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ফারিহা (৮) নামের এক ছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে একটি অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর তাকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে বলে ওসি জানান।
