ট্রাম্পের অদ্ভুত শর্ত, প্রকল্পের অর্থছাড়ের বিনিময়ে নিজের নামে চান রেলস্টেশন-বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

নিউ ইয়র্ক ও নিউ জার্সির মধ্যকার গুরুত্বপূর্ণ রেল টানেল প্রকল্পের (গেটওয়ে প্রজেক্ট) কয়েক বিলিয়ন ডলারের তহবিল ছেড়ে দিতে এক অদ্ভুত শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, নিউ ইয়র্কের আইকনিক ‌‌‘পেন স্টেশন’ এবং ওয়াশিংটনের ‘ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর’ পরিবর্তন করে তার নামে নামকরণ করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত মাসে সিনেট মাইনরিটি লিডার চাক শুমারের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এই প্রস্তাব দেন। তবে শুমার তৎক্ষণাৎ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং জানান যে, স্থাপনার নাম পরিবর্তনের ক্ষমতা তার হাতে নেই।

হার্ডসন নদীর তলদেশ দিয়ে নিউ ইয়র্ক ও নিউ জার্সিকে সংযুক্তকারী এই গেটওয়ে প্রকল্পের জন্য প্রায় ১৬ বিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে। গত বছরের শেষ দিকে ট্রাম্প প্রশাসন এই বিশাল অঙ্কের অর্থছাড় বন্ধ করে দেয়। ডেমোক্র্যাট নেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে অর্থছাড়ের দাবিতে নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা লড়ছে।

হোয়াইট হাউসে ফেরার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন রাষ্ট্রীয় উদ্যোগে নিজের নাম যুক্ত করার এক বিশাল প্রচেষ্টা শুরু করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ট্রাম্প গোল্ড কার্ড: উচ্চমূল্যের বিনিময়ে নাগরিকত্বের পথ। সাশ্রয়ী মূল্যের ওষুধের ওয়েবসাইট। ট্রাম্প-ক্লাস রণতরি: যা তার ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির প্রতীক। এমনকি ইউএস ইনস্টিটিউট অব পিস এবং কেনেডি সেন্টারের নাম পরিবর্তনের লক্ষ্যও রয়েছে তার।

গেটওয়ে টানেল প্রকল্পের কমিশন সতর্ক করে দিয়েছে যে, অবিলম্বে এই তহবিল না পেলে প্রকল্পের কাজ বন্ধ করে দিতে হবে। এর ফলে প্রায় ১,০০০ শ্রমিক তাদের কাজ হারানোর ঝুঁকিতে রয়েছেন।

অন্যদিকে, ওয়াশিংটনের ডুলস বিমানবন্দরের নাম পরিবর্তন করে ‘ডোনাল্ড জে ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ করার জন্য কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা বিল উত্থাপন করলেও তা এখনো কংগ্রেসে আলোর মুখ দেখেনি।

চাক শুমারের মুখপাত্র এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং হোয়াইট হাউস থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights