ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় খুলনা মহানগর বিএনপির বিশেষ কর্মপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরে আশঙ্কাজনক হারে বেড়ে চলা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমেছে মহানগর বিএনপি। সংক্রমণ প্রতিরোধ ও আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দুই ধাপের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করেছে দলটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মপরিকল্পনা ঘোষণা করেন মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা।

পরিকল্পনার প্রথম ধাপে ফগার মেশিন ও কীটনাশক দিয়ে মশক নিধন, জলাভূমি পরিষ্কার, জলাবদ্ধতা দূরীকরণ এবং মাইকিং-লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা কার্যক্রম চালানো হবে। ছাত্রদল ও ড্যাবের সহযোগিতায় রক্তের গ্রুপ ম্যাচিং, ডায়াগনস্টিক সহায়তা ও রক্ত সংগ্রহের উদ্যোগও নেওয়া হয়েছে।

দ্বিতীয় ধাপে আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে বাড়িতে চিকিৎসকের পরামর্শ, প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ এবং রোগীদের নিয়মিত খোঁজখবর রাখা হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আক্রান্ত প্রতিটি থানা এলাকায় অন্তত একটি ৫০ শয্যার সেবাকেন্দ্র এবং ওয়ার্ডভিত্তিক আরও সেবাকেন্দ্র প্রস্তুতের কথা জানানো হয়।

এদিকে দুপুরে এড. শফিকুল আলম মনার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও খুলনা শিশু হাসপাতাল পরিদর্শন করে। তারা ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ওষুধ, স্যালাইন ও ল্যাব সুবিধা নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights