ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করল বসুন্ধরা শুভসংঘ
অনলাইন ডেস্ক
ডেঙ্গুর প্রকোপ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে সচেতনতামূলক উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ উত্তরা থানা শাখা। বৃহস্পতিবার(৬ আগস্ট) বাইলজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়েছে।
কর্মসূচিতে শিক্ষার্থীদের ডেঙ্গুর কারণ, এডিস মশার বিস্তার, ডেঙ্গুর লক্ষণ এবং প্রতিরোধের বিভিন্ন উপায় সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি বাড়ি ও বিদ্যালয়ের আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সচেতনতা কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মেহরান নিসান, সহ সভাপতি সালসাবিল, মমিতুজ্জামান, সাধারণ সম্পাদক ফারহান হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া হাসান সদস্য সৌরভ রয়, জাবেদ হোসাইন, রাফসান, মাহির প্রমুখ।
লিফলেট হাতে পেয়ে শিক্ষার্থীরাও ডেঙ্গু প্রতিরোধে নিজেদের পাশাপাশি পরিবার ও বন্ধুদের সচেতন করার প্রত্যয় ব্যক্ত করে। আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই সচেতনতা তৈরি করা জরুরি। শিশুদের সচেতন করা গেলে তারা পরিবারেও স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে পারে।
