ঢাকায় শুরু দ্য সেকেন্ড স্টুডিওর বেস্ট শো এভারেস্ট প্রদর্শনী

অনলাইন ডেস্ক

রাজধানীর লা গ্যালারিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্ট প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। শিল্পী, অ্যানিমেটর, কার্টুনিস্ট, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীন অ্যানিমেশনের সৃজনশীল জগতের নানা দিক তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান কার্টুনিস্ট আহসান হাবিব এবং বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের সাংস্কৃতিক অ্যাটাশে মঁসিয়ে বাতিস্ত ল্যব্রে।

ঢাকাভিত্তিক স্বাধীন অ্যানিমেশন সমষ্টি দ্য সেকেন্ড স্টুডিও আয়োজিত এই প্রদর্শনীতে প্রতিষ্ঠাতা শিল্পী ঐশিক জাওয়াদ, জুনায়েদ ইকবাল ইশমাম, রাকিব রাজ্জাকের সৃজনশীল কাজ স্থান পেয়েছে। মূল শিল্পকর্ম, স্কেচ, নকশা, নির্মাণ পরিকল্পনা, নির্মাণসংক্রান্ত নোট এবং অংশগ্রহণমূলক প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীরা বাংলাদেশের স্বাধীন অ্যানিমেশন, কমিকস, ভিডিও গেম ও ইলাস্ট্রেশনের সৃজন প্রক্রিয়া কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন।

উদ্বোধনী সন্ধ্যার শুরুতে বেস্ট শো এভারেস্ট অ্যানিমেশন ধারাবাহিকের প্রথম পর্ব প্রদর্শন করা হয়। নির্মাণাধীন এই মৌলিক কাজটি মাউন্ট এভারেস্ট আরোহণের বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। এতে কল্পনা, রসিকতা ও অভিযাত্রার নানা উপাদান যুক্ত করা হয়েছে। বন্ধুত্ব, সাহস এবং সাংস্কৃতিক আবিষ্কারকে কেন্দ্র করে নির্মিত এই ধারাবাহিকের চরিত্রের নকশা, ধারণাচিত্র, মানচিত্র, দৃশ্যপটের নকশা এবং নির্মাণসংশ্লিষ্ট বিভিন্ন উপকরণও প্রদর্শনীতে স্থান পেয়েছে।

প্রদর্শনীর আরেকটি আকর্ষণ ঢাকা সারভাইভার নামে একটি দৌড়ভিত্তিক ভিডিও গেম। ঢাকায় নারীদের দৈনন্দিন চ্যালেঞ্জ তুলে ধরা এই গেমটি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধবিষয়ক একটি প্রদর্শনীর জন্য নির্মিত। এতে অংশগ্রহণমূলক মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরির বিষয়টি তুলে ধরা হয়েছে।

এ ছাড়া ইএমকে অ্যানিমেশন কার্নিভালের নেপথ্য নির্মাণপ্রক্রিয়া এবং কমিকস মেলা শীর্ষক অসমাপ্ত অ্যানিমেশন প্রকল্পের স্কেচ, নোট, ধারণাচিত্র ও অন্যান্য উপকরণের মাধ্যমে সৃজনশীল কাজের বাস্তব চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতাও উপস্থাপন করা হয়েছে।

প্রদর্শনীর অংশ হিসেবে ২৬ জুন দর্শকদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন অনুষ্ঠিত হবে শিল্পী, অ্যানিমেশনপ্রেমী ও সৃজনশীল সম্প্রদায়ের সদস্যদের মুক্ত আড্ডা। একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সংগীত পরিবেশনার মাধ্যমে প্রদর্শনীর কর্মসূচি শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights