ঢাকার বার্তা নিয়ে দিল্লিতে ভারতীয় হাইকমিশনার

অনলাইন ডেস্ক

অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার দিল্লিতে স্থানীয় সময় দুপুর ১টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো বিবিসিকে আভাস দিয়েছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপাক্ষিক আরও নানা ইস্যু নিয়ে ঢাকার বর্তমান মনোভাব ঠিক কী, সেই বার্তা পৌঁছে দিতেই তার দিল্লিতে যাওয়া।

এর আগে, গতকাল সোমবার রাতের ফ্লাইটে ঢাকা থেকে দিল্লিতে গিয়ে পৌঁছান দীনেশ ত্রিবেদী।

তবে, তার এই সফর নিয়ে বাংলাদেশে ভারতের দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা দেশটির প্রধানমন্ত্রী মোদীর কার্যালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী হলেন প্রথম ভারতীয় রাষ্ট্রদূত, যাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হয়েছে এবং তার নিয়োগ চূড়ান্ত করেছে প্রধানমন্ত্রীর অফিস।

ফলে দিল্লিতে এলে তিনি সচরাচর প্রধানমন্ত্রী মোদির সঙ্গেই সরাসরি দেখা করেন, অন্য ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার কূটনীতিকদের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেন না। এবারেও সেই রেওয়াজের কোনো ব্যতিক্রম হয়নি।

এর আগে, তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কথাবার্তা অনেকদূর এগোলেও শেষপর্যন্ত তা এখনো বাস্তবায়িত হয়নি।

বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য ঢাকার দাবিও দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখেছে দিল্লি– বিষয়টি দুই দেশের সম্পর্কের মধ্যে একটি প্রবল অস্বস্তির উপাদান হয়ে রয়েছে।

তাছাড়া, গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও দুই সরকারের মধ্যে আলোচনাতেও কোনো অগ্রগতি নেই– ৩০ বছর মেয়াদি এই গুরুত্বপূর্ণ পানি ভাগাভাগির চুক্তি আগামী ডিসেম্বরেই শেষ হচ্ছে।

সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights