ঢাবিতে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে কুকুরের মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলের সামনে জমে থাকা বিদ্যুতায়িত বৃষ্টির পানিতে একটি কুকুরের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত পৌনে ৯টার দিকে দিকে বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল গেটের সামনে মলচত্বর সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’ এ ঘটনাটির একটি ভিডিও পোস্ট করেন সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী ইসরাফিল আলম। ভিডিওতে দেখা যায়, সূর্যসেন হল গেটের সামনে মলচত্বর সংলগ্ন ল্যাম্প পোস্টের নিচে রাস্তায় পানি জমে আছে। সেখানে একটি কুকুরের নিথর দেহ পড়ে আছে, মাঝে মাঝে কুকুরটির শরীর থেকে ধোঁয়া বের হতেও দেখা যায়।

পোস্টের ক্যাপশনে ইসরাফিল আলম জানান, বৃষ্টির পানিতে বৈদ্যুতিক শক খেয়ে একটি কুকুর চোখের সামনে মারা গেলো। শরীর থেকে ধোঁয়া উঠছে। এ ধরনের দুর্ঘটনার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরেই বর্তায়। কুকুরটা ওই মুহূর্তে না নামলে আমি নিজেই পানিতে পা দিয়ে এই শক খেতে পারতাম! এমনকি তখনই অনেকেই পানি দিয়ে আসতে নিচ্ছিলো, আমি কুকুরটাকে দেখিয়ে তাদের নিষেধ করি।

প্রত্যক্ষদর্শী ইসরাফিল আলম জানান, হলের ভেতরে ঢোকার সময় কুকুরটির চিৎকার শুনি। ফিরে তাকিয়ে দেখি, দু’বার হাঁফ ছেড়ে কুকুরটি সেখানেই মারা যায়। ঘটনাস্থলের কাছে তিনি ও আরও দুইজন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। তাদের যেকোনও একজনের সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারতো। কাছের একটি ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার খোলা অবস্থায় ছিল এবং লাইট চুরির পর ঢিলেঢালা ভাবে টেপ দিয়ে জোড়া দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, বৃষ্টির পানিতে তার খুলে গিয়ে পানি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। ঘটনার পর ল্যাম্পপোস্টের নিচ থেকে ধোঁয়াও বের হতে দেখা যায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, কুকুরটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, তবে সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। সমস্যার উৎস চিহ্নিত করতে ইলেকট্রিশিয়ানরা ঘটনাস্থলসহ ক্যাম্পাসের অন্যান্য স্থানও পরিদর্শন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights