ঢাবির বিশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ মাইগ্রেশনের ফলাফল আজ সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয় বরাদ্দের এই ফল দুপুর ৩টার পর জানা যাবে।
এর আগে শিক্ষার্থীরা নির্ধারিত ফি দিয়ে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পেয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজেদের তথ্য দিয়ে লগইন করে সহজেই ফলাফল দেখতে পারবে। নির্ধারিত সময়ের পর থেকেই এটি দেখা যাবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ মাইগ্রেশন শেষ হলে যে আসনগুলো খালি থাকবে, সেগুলোতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ অপেক্ষমাণ শিক্ষার্থীদের মধ্যে বিষয় বরাদ্দ দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ভর্তিবিষয়ক ওয়েবসাইটেই পাওয়া যাবে।
