তবুও পুকুর ভরাট চলছে রাসিকের গাড়ি দিয়ে
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
গভীর রাতে রাজশাহী সিটি করপোরেশনের হুইললোডার গাড়ি ব্যবহার করে মহানগরীর তেরখাদিয়ার একটি পুকুর ভরাট করা হচ্ছে। ঈদুল আজহার আগে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পাশের পুকুরটি ভরাটের কাজ শুরু হলেও দুই দিন থেকে স্থানীয়রা ভিডিও, ছবিসহ ফেসবুকে তুলে ধরলে বিষয়টি প্রকাশ্যে আসে। স্থানীয়দের অভিযোগ, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন নিজে পুকুরটি ভরাটের সঙ্গে জড়িত।
স্থানীয়রা জানান, তেরখাদিয়ার ওই পুকুরটি একসময় বিশাল আয়তনের ছিল। তবে মহিলা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের সময় পুকুরের একাংশ ভরাট করে ফেলা হয়। অবশিষ্ট অংশটি দীর্ঘদিন ধরে পুকুর হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে। হঠাৎ ১৪ জুন রাতের অন্ধকারে পুকুরটি বালু দিয়ে ভরাটের কাজ শুরু হয়। এলাকাবাসী জানান, এ কাজে সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করতে দেখে তারা প্রথমে বিস্মিত হন। ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও তার লোকজন এ ভরাটের কাজ তদারকি করছেন। পরে জানানো হয়, এ পুকুর ‘উচ্চ মহলের’ নির্দেশেই ভরাট করা হচ্ছে। এ কারণে ভয়ে অনেকেই মুখ খুলতে পারছেন না। রাসিকের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন দাবি করেন, রেকর্ড অনুযায়ী পুকুরটি ভিটা শ্রেণির হওয়ায় ভরাট করতে কোনো অসুবিধা নেই। তিনি জানান, সিটি করপোরেশন থেকে হুইললোডার গাড়িটি ভাড়া নিয়ে তাঁরা পুকুর ভরাট করছেন। এ ব্যাপারে সিটি করপোরেশনের অনুমতিও আছে বলে তাঁর দাবি। এর আগে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিটের চূড়ান্ত শুনানিতে রাজশাহী শহরে থাকা ৯৫২টি পুকুর সংরক্ষণ করতে রাজশাহী সিটি মেয়র, পরিবেশ অধিদফতরের সংশ্লিষ্ট পরিচালক, র্যাব ও জেলা প্রশাসনকে নির্দেশ দেন হাই কোর্ট। শুনানিতে শহরের আর কোনো পুকুর যাতে ভরাট, দখল না হয় তা-ও নিশ্চিত করতে বলা হয়।
