তাঁতীবাজারে পূজামণ্ডপের কাছে ছিনতাই : গ্রেপ্তার তিন আসামি রিমান্ডে

অনলাইন ডেস্ক

রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপের কাছে ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তারা হলেন আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।

আজ রবিবার তিন আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের তিনদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এস আই শিব্বির আহম্মেদ।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার রাতে তাঁতীবাজারে একটি পূজামণ্ডপের কাছে অজ্ঞাতপরিচয় এক নারীর গলা থেকে চেইন ছিনতাই করা হয়। পরে ছিনতাইকারীরা কৌশলে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা আসামিদের গ্রেপ্তার করে। তখন তাদের কাছ থেকে তরল পদার্থ ভর্তি একটি বোতল উদ্ধার করা হয়।

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় রাজধানীর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুশদ হাসান বাদী হয়ে একটি মামলাটি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights