তিন ধূমকেতুতে বদলে গেল ২০২৫ সালের আকাশচিত্র

অনলাইন ডেস্ক

২০২৫ সাল ছিল আকাশপ্রেমী মানুষের জন্য একেবারেই আলাদা। বছরের বিভিন্ন সময়ে তিনটি ব্যতিক্রমধর্মী ধূমকেতু পৃথিবীর কাছাকাছি দিয়ে অতিক্রম করে। এগুলো শুধু চোখে দেখার মতো সুন্দর ছিল না, বিজ্ঞানের দৃষ্টিতেও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিন ধূমকেতু হলো—৩আই/অ্যাটলাস, সি/২০২৫ এ৬ (লেমন) এবং সি/২০২৫ আর২ (সোয়ান)।

এই তিনটির মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ৩আই/অ্যাটলাসকে ঘিরে। ২০২৫ সালের ১ জুলাই চিলির একটি টেলিস্কোপে এটি প্রথম শনাক্ত হয়। বিজ্ঞানীরা নিশ্চিত করেন, এটি আমাদের সৌরজগতের বাইরের বস্তু, অর্থাৎ আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু (যে ধূমকেতু অন্য নক্ষত্রমণ্ডল থেকে এসেছে)। এর আগে এমন মাত্র দুটি বস্তু শনাক্ত হয়েছিল। হাবল স্পেস টেলিস্কোপের তথ্য অনুযায়ী, ৩আই/অ্যাটলাস এখন পর্যন্ত দেখা সবচেয়ে উজ্জ্বল ও বড় আন্তঃনাক্ষত্রিক বস্তুগুলোর একটি। এর ব্যাস প্রায় সাড়ে তিন মাইল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একে ভিনগ্রহের যান বলে গুজবও ছড়ায়, যা বিজ্ঞানীরা নাকচ করেছেন।

অন্যদিকে, লেমন ধূমকেতু সাধারণ মানুষের চোখে বেশি জনপ্রিয় হয়। জানুয়ারিতে আবিষ্কৃত এই ধূমকেতু ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে। নভেম্বরের শুরুতে সূর্যের খুব কাছে এলে এটি খালি চোখেও দেখা যায়। সূর্যের তাপে এর বরফ গলে গ্যাসে পরিণত হয় এবং ধুলো বের হয়ে লম্বা লেজ তৈরি করে। এই লেজ সূর্যের বাতাসে (সূর্য থেকে আসা শক্তিশালী কণার প্রবাহ) আরও আকর্ষণীয় আকার নেয়।

আর সোয়ান ধূমকেতু নজর কাড়ে এক বিশেষ দৃশ্যের জন্য। অক্টোবরের মাঝামাঝি এটি ঈগল নেবুলার সামনে দিয়ে অতিক্রম করে। নেবুলার ভেতরের ‘পিলারস অব ক্রিয়েশন’ (ধুলো ও গ্যাসের বিশাল স্তম্ভ) এর পাশে সবুজ আলো ছড়ানো ধূমকেতুটি আকাশে এক অনন্য দৃশ্য তৈরি করে।

সব মিলিয়ে, ২০২৫ সাল ধূমকেতু ও মহাকাশপ্রেমীদের জন্য ছিল সত্যিই মনে রাখার মতো এক বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights