চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯, আটক ৩৭ কিশোর

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে ৩৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ২০০ গ্রাম গাঁজা ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার জেলার বিভিন্ন থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে। বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের দেয়া তথ্যে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ চারজন, ফরিদগঞ্জ থানা পাঁচজন, মতলব দক্ষিণ থানা একজন, মতলব উত্তর থানা একজন, হাজীগঞ্জ থানা দুজন, শাহরাস্তি থানা একজন এবং কচুয়া থানা পুলিশ একজনকে গ্রেফতার করে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ছয়জন মাদকসেবীকে গ্রেফতার করে। ফরিদগঞ্জে তিনজনের কাছ থেকে ২৩ পিস, মতলব দক্ষিণে দুজনের কাছ থেকে ১০ পিস এবং শাহরাস্তিতে একজনের কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। হাজীগঞ্জে একজনের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

বিভিন্ন মামলায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় একজন, হাইমচরে দুজন, ফরিদগঞ্জে দুজন, মতলব দক্ষিণে একজন, মতলব উত্তরে চারজন এবং কচুয়ায় দুজন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন ধারায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ আটজন এবং শাহরাস্তি থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭ জনকে আটক করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তিনজন, হাইমচর পাঁচজন, ফরিদগঞ্জ ছয়জন, মতলব দক্ষিণ পাঁচজন, মতলব উত্তর পাঁচজন, হাজীগঞ্জ চারজন এবং কচুয়া থানা পুলিশ নয়জনকে আটক করে।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের মধ্যে ৩৫ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights