এবিজি ইউনিভার্সিটি কাপে অপরাজিত থেকে সেমিফাইনালে সোনারগাঁও
স্পোর্টস ডেস্ক
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও জয়ের ধারা ধরে রেখেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। নর্থ সাউথ ইউনিভার্সিটিকে (এনএসইউ) ৭ উইকেটে হারিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠেছে দলটি।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও নিশ্চিত করেছে সোনারগাঁও। ফলে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলের ওপর নির্ভর করতে হয়নি তাদের।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নর্থ সাউথ ইউনিভার্সিটি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে তারা।
জবাবে ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে সোনারগাঁও। মাত্র ১০.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে জয় নিশ্চিত করে দলটি। হাতে তখনো বাকি ছিল ৫৬ বল।
সোনারগাঁওয়ের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হাবিবুর শেখ। মাত্র ২৪ বলে ৬টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। জীবন ১৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় করেন ৩৪ রান। এ ছাড়া মোশারফ মুলারের ব্যাট থেকে আসে ১৯ রান। নর্থ সাউথের হয়ে শাবাব নেন ২ উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে নর্থ সাউথের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ফারজান আহমেদ। ৩৯ বলের ইনিংসে একটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। নিয়ন ইয়াছিন ১৩ বলে চারটি চার ও দুটি ছক্কায় করেন ৩১ রান।
এ ছাড়া রাইয়ান হায়দার ১২, আহনাফ তাহমিদ ১২ এবং মুশরাফি সরকার ১১ রান করেন। অতিরিক্ত থেকে যোগ হয় আরও ১০ রান। তবে সোনারগাঁওয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি এনএসইউ।
সোনারগাঁওয়ের হয়ে নিরু ৩টি উইকেট নেন। জীবন ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। এ ছাড়া এফ মুন্সি ও হোসেন একটি করে উইকেট পান।
গ্রুপ পর্বের সব ম্যাচে জয় নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। একই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও।
