তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জর্ডানের

অনলাইন ডেস্ক

আকাশসীমায় প্রবেশ করা তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে জর্ডানের সেনাবাহিনী। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জর্ডানের সরকারি বার্তা সংস্থা পেত্রা-র বরাত দিয়ে জানানো হয়েছে।

সামরিক বাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতির সূত্রে পেত্রা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার পর কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। তবে যেসব এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে, সেগুলোর সুরক্ষায় ও অপসারণে তাৎক্ষণিকভাবে জর্ডানের প্রকৌশলী দলগুলোকে মাঠে নামানো হয়।

এর আগে রাজধানী আম্মানসহ জর্ডানের বিভিন্ন এলাকায় আকস্মিক সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, যা দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল আল-মামলাকা টিভিতেও নিশ্চিত করা হয়েছিল। এই সাইরেন বাজার পরপরই দেশজুড়ে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

বর্তমান পরিস্থিতিতে জর্ডানের সামরিক বাহিনী দেশটির আকাশসীমা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রেখেছে বলে জানিয়েছে।

জর্ডান সেনাবাহিনীর পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘প্রযোজ্য বিধিমালা অনুযায়ী আমাদের দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং নাগরিকদের সুরক্ষার জন্য যেকোনো হুমকিবিরুদ্ধে পদক্ষেপ নিতে আমরা বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না।’

সূত্র: আনাদোলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights