ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

ইরানে নতুন করে জোরালো সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা ঠেকাতে এবং ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতেই এই নতুন অভিযান চালানো হচ্ছে।

মার্কিন বাহিনীর এই ঘোষণার পরই ইরানের বেশ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বন্দর আব্বাস শহরে একাধিক বিস্ফোরণ ঘটেছে। এছাড়া বার্তা সংস্থা মেহের জানিয়েছে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

অন্যদিকে, ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সিরিকের কাছেও বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। তবে হরমুজগান প্রদেশের ওই এলাকায় ঠিক কোথায় ও কী ধরনের বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, ইরাকে ভূপাতিত করা একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় এক মার্কিন সেনার মৃত্যু হয়। এই মৃত্যুর খবর ঘোষণার পরই সোমবার টানা নবম রাতের মতো ইরানে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহান্তে একাধিক মার্কিন সৈন্য নিহতের ঘটনায় চরম ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই ঘটনার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিটি আমেরিকান সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছেও এই প্রতিশোধের বিষয়ে কঠোর নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights