তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস
অনলাইন ডেস্ক
বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক ও পরিবেশগত প্রকল্প ‘তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট’ বা তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর এবার গভীর আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। ডাচ সরকার এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং বাস্তবায়নে কারিগরি সহায়তা ও বিশেষজ্ঞ জ্ঞান প্রদানের প্রস্তাব দিয়েছে। ডাচদের এই আগ্রহকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ।
রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শোরড শোরডসমা-র নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রসঙ্গের অবতারণা ঘটে। বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ডাচ সরকারের এই আগ্রহকে অত্যন্ত উষ্ণতার সাথে স্বাগত জানিয়েছেন।
বৈঠকে দুই দেশের ভূ-প্রাকৃতিক সাদৃশ্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই নদীমাতৃক বদ্বীপ অঞ্চল। ফলে অভিন্ন প্রাকৃতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের বিশাল সুযোগ রয়েছে। বিশেষ করে ভূমি পুনরুদ্ধার ও নদী ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের বিশ্বমানের অভিজ্ঞতাকে কাজে লাগাতে গভীর আগ্রহ ব্যক্ত করেন বাংলাদেশের সরকারপ্রধান।
অন্যদিকে, ডাচ মন্ত্রী শোরড শোরডসমা জলসম্পদ ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার, জলবায়ু-সহনশীল নদী ব্যবস্থাপনা এবং আন্তঃসীমান্ত নদী শাসনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় জোরদার ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেন। ডাচ পক্ষ মনে করে, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের সম্পর্ককে বাণিজ্য, বিনিয়োগ ও জলসম্পদ খাতে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এটাই উপযুক্ত সময়।
সূত্র: এনডিটিভি
