থমকে আছে স্বপ্ন

ইমরান এমি, চট্টগ্রাম

শিশু আইন হওয়ার ৫৬ বছর অতিক্রম করলেও এখনো চট্টগ্রামে গড়ে ওঠেনি ‘কিশোর উন্নয়ন কেন্দ্র’। যার কারণে চট্টগ্রাম বিভাগের অপরাধে জড়িয়ে পড়া বা বিচারাধীন শিশুদের বাধ্য হয়ে পাঠাতে হচ্ছে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে। দূরের এ কেন্দ্রে গিয়ে সন্তানের সঙ্গে সাক্ষাৎ করা বা তার খোঁজখবর নেওয়া অনেক অভিভাবকের পক্ষে সম্ভব হয় না। ফলে এসব অভিভাবক আইনি লড়াইয়ে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যদিকে পারিবারিক যোগাযোগের অভাবে শিশুদের মানসিক সংশোধন প্রক্রিয়া ব্যাহত হয়। সংশ্লিষ্টরা বলছেন, আইনের সঙ্গে সংঘাতে জড়ানো শিশুদের সংশোধন ও পুনর্বাসনে এটি অত্যন্ত জরুরি। দীর্ঘ এ সময়েও কেন্দ্রটি না হওয়া অত্যন্ত দুঃখজনক। সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, চট্টগ্রামে কিশোর উন্নয়ন গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ২ একর জমিও ক্রয় করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলেও কাজের জন্য টেন্ডার হয়নি। যার কারণে এখন জমিটি ওভাবেই আছে। অর্থ ছাড় না হওয়ার কারণে কখন এটির টেন্ডার হবে বা কার্যক্রম শুরু হবে তাও বলা যাচ্ছে না।

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মাহমুদ উল আলম মারুফ বলেন, কিশোর উন্নয়ন কেন্দ্রের অবস্থান অনেক দূরে হওয়ায় আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর-কিশোরীদের অভিভাকদের অনেক ভোগান্তির স্বীকার হতে হয়। আর্থিকসহ মানসিক সমস্যার সম্মুখীনও হতে হচ্ছে। সরকারও আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে। এমন অবস্থায় প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা কিশোর উন্নয়ন কেন্দ্র গড়ে তোলা সময়ের দাবি।

জানা যায়, ২০২৪ সালের দিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সভায় চট্টগ্রামে একটি কিশোর উন্নয়ন কেন্দ্র (বালক) স্থাপনের প্রকল্প অনুমোদন পায়। প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলীতে ২ একর জায়গা ক্রয় করা হয়েছে এবং সেখানে প্রকল্পের সাইনবোর্ডও ঝুলানো হয়েছে। কিন্তু এরপর প্রকল্পটি আলোর মুখ দেখেনি। ২০২৪ সালের ৫ আগস্টের পর জায়গার ওপরে থাকা সাইনবোর্ডটিও ভেঙে ফেলে দুর্বৃত্তরা। ক্ষমতার পট পরিবর্তনের পর এখনো নতুন করে এ প্রকল্প নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights