দক্ষিণ লেবাননে শান্তিরক্ষী নিহত, জাতিসংঘের নিন্দা

অনলাইন ডেস্ক

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত এক সার্বিয়ান শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ঘটনার নিন্দা জানিয়ে পরিষদের ১৫ সদস্য একটি যৌথ বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, চার জুন লেবাননে দায়িত্ব পালনকালে একটি মর্টারের গোলা ওই শান্তিরক্ষীর অবস্থানে আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিরাপত্তা পরিষদ জানিয়েছে, একই হামলায় আরো দুইজন শান্তিরক্ষী আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

নিহত শান্তিরক্ষী জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউনিফিলের সদস্য ছিলেন। নিরাপত্তা পরিষদের সদস্যরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন। তবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে বিবৃতিতে কোনো পক্ষের নাম উল্লেখ করা হয়নি। পরিবর্তে ঘটনার পূর্ণাঙ্গ ও দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ। পরিষদের সদস্যরা বলেছেন, এই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের খুঁজে বের করতে জাতিসংঘকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত জাতিসংঘের সব শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। নিরাপত্তা পরিষদ বলেছে, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এ ছাড়া ইউনিফিল মিশনে সেনা ও অন্যান্য সদস্য পাঠানো দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদ। তাদের মতে, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় এসব দেশের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights