দাউদকান্দিতে খাদে পড়ে নিহত সবাই ধানকাটা শ্রমিক

কুমিল্লা প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ৭ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ। নিহত ও আহতরা কৃষি শ্রমিক। তারা ধান কাটতে কুমিল্লা যাচ্ছিলেন।

পুলিশ জানায়, সোমবার দিবাগত গভীররাতে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দাউদকান্দির হাসানপুর নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা ১৩ জন শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে। চাপাপড়া শ্রমিকদের মধ্যে সাতজন নিহত ও ৬ জন আহত হন।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আলমের ছেলে সোহরাব হোসেন, আজাদ মিয়ার ছেলে মোহাম্মদ আফজাল হোসেন, ফজলুর রহমানের ছেলে সালেক, বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার ছেলে সুমন, বিষু, মাজহারুল ইসলামের ছেলে আবুল হোসেন, রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক গভীররাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। আমরা ট্রাকের নিচ থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করি। এছাড়া আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি। মৃতদেহগুলো দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘটনার পর ট্রাকের চালক বা হেল্পার কাউকে আটক করা সম্ভব হয়নি।

দুর্ঘটনায় আহত দিনাজপুরের জাহাঙ্গীর আলম বাবু বলেন, আমরা সবাই কৃষি শ্রমিক। দিনাজপুরের বিভিন্ন উপজেলায় আমাদের বাড়ি। ট্রাকটি চট্টগ্রাম যাওয়ার কথা। আমরা কুমিল্লায় যাওয়ার জন্য ট্রাকটিতে উঠি। মেঘনা ব্রিজ পর্যন্ত চালকই গাড়িটি চালায়। এরপর হেলপার গাড়ি চালানো শুরু করে। আমরা চালের বস্তার ওপর শুয়ে-বসে ব্যাপারটা লক্ষ্য করেছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ মাথায় ঝিমুনি দিয়ে ওঠে। মাঠে পড়ে গেলে সবাই আমরা চালের বস্তার নিচে চাপা পড়ি। আমার মাথাটা শুধু বাইরে ছিল। এ কারণেই বেঁচে গেছি। তবে পা ভেঙে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights