ইসরায়েলে অস্ত্র বিক্রির প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ, গ্রেফতার ৯০
অনলাইন ডেস্ক
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি ও সামরিক সমর্থন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ চলাকালে অন্তত ৯০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ শুরু হলে তাদের হেফাজতে নেয় পুলিশ।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বিক্ষোভের নেতৃত্ব দেয় ‘জিউইশ ভয়েস ফর পিস’ নামক একটি সংগঠন। সংগঠনটি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে হুইসেলব্লোয়ার চেলসা ম্যানিং, অভিনেতা হ্যারি নেফ এবং নিউইয়র্ক শহরের কাউন্সিল সদস্য অ্যালেক্সা অ্যাভিলস রয়েছেন।
বার্তা সংস্থা এপি জানায়, কয়েক’শ মানুষ প্রথমে অবস্থান কর্মসূচি করার চেষ্টা করে। তারা সিনেট ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার এবং সিনেট সদস্য ক্রিস্টেন গিলিব্র্যান্ডের ম্যানহাটনের কার্যালয়ে ঢুকে বিক্ষোভ করতে চেয়েছিলেন। তবে নিরাপত্তাকর্মীরা তাদের ভবনে প্রবেশ করতে দেয়নি। পরে তারা রাস্তায় নেমে যান চলাচল বন্ধ করে দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, এই দুই নেতা লেবাননে ইসরায়েলের হামলা এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট সংঘাতে সমর্থন দিচ্ছে। গ্রেপ্তারের সময় তারা স্লোগান দেন, ‘মানুষের জন্য টাকা দিন, বোমার জন্য নয়।’ পরে তাদের তিনটি বাসে করে নিয়ে যায় পুলিশ। সূত্র: আল-জাজিরা, রয়টার্স
