ত্রিপুরাদের বৈসু উৎসব শুরু
খাগড়াছড়ি প্রতিনিধি
বৈসু সাংগ্রাই বিজু উৎসবে পাহাড় এখন মাতোয়ারা। নদীতে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীকে পূজার মধ্য দিয়ে ত্রিপুরাদের ‘বৈসু’ উৎসব শুরু হয়েছে গতকাল থেকে। সূর্যোদয়ের পরপর পরিপাটি হয়ে ত্রিপুরা জনগোষ্ঠীর রমণীরা হাতে ফুল আর কাপড় নিয়ে নদীতে সমবেত হয়ে গঙ্গা দেবীর উদ্দেশে পূজা নিবেদন করেন। রমণীদের হাতে তৈরি ‘রিনাই-রিসা’ অর্থাৎ কাপড় নিয়ে দেবী গঙ্গার উদ্দেশে নদীতে পূজা ও কাপড় ভাসিয়ে দেন ত্রিপুরা রমণীরা। তারা বিশ্বাস করেন পূজা আর এই নিবেদনের মাধ্যমে পুরোনো দিনের যত দুঃখ-ব্যাধি পানিতে ধুয়েমুছে যাবে এবং রমণীদের হাতের কাজ নিপুণ বা সুন্দর হবে। নিজস্ব পোশাকে দলবদ্ধ হয়ে নানা বয়সি ত্রিপুরা নারী-পুরুষ একত্রিত হয়ে পূজায় অংশ নেন।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় মারমা তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন। শোভাযাত্রাটি খাগড়াছড়ি পৌরসভা এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে মারমা সম্প্রদায়ের নানা বয়সি মানুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করে, যা শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জান্নাত বীথি, ভারপ্রাপ্ত পৌর প্রশাসক রোমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেন সরকারসহ সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক মিলনমেলা এবং বাংলাদেশের একমাত্র পাহাড়ের চূড়ায় অবস্থিত বৃহৎ নুনছড়ি দেবতা পুকুরের মাতাই পুখিরি তীর্থমেলা ১৪৩৩-এর উদ্বোধন করা হয়।
