দাবানলে পুড়ছে ওয়াশিংটন, পরিস্থিতি আরও জটিল হতে পারে

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেনের চারপাশে ভয়াবহ দাবানল পরিস্থিতি সামাল দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। শীতল আবহাওয়ার সুযোগ নিয়ে সম্প্রতি তারা কিছুটা সাফল্য পেয়েছেন। তিনটি প্রধান দাবানলের চারপাশেই সফলভাবে আগুন নিয়ন্ত্রণের বলয় তৈরি করতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা।

তবে আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষের দিকেই তাপমাত্রা আবার তীব্র বৃদ্ধি পেয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। সাথে থাকবে কম আর্দ্রতা ও শুষ্ক বাতাস। ফলে পরিস্থিতি আবারও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

গত সপ্তাহান্তে শুরু হওয়া এই ভয়াবহ আগুনে ইতোমধ্যে প্রায় ৮৫০টি অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ফলে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬৭ হাজার মানুষকে। এর মধ্যে সবচেয়ে বড় ‘ওল্ড ট্রেইলস ফায়ার’ নামের দাবানলটি এক ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাগিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত ৩৭ বছর বয়সী অ্যারন ফারিনাসিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তার সাজা শুনানির প্রক্রিয়া চলছে। তবে অপর দুটি আগুন মানুষের মাধ্যমে সূত্রপাত হলেও তা দুর্ঘটনাবশত নাকি অন্য কোনো কারণে, তা এখনও তদন্তাধীন রয়েছে। দাবানলের সার্বিক ক্ষতি মূল্যায়নে মাঠ পর্যায়ে এখনো পর্যবেক্ষণ চালাচ্ছে জরুরি সেবা দল।

বাস্তুচ্যুত হাজার হাজার বাসিন্দা বর্তমানে বিভিন্ন সামাজিক আশ্রয়কেন্দ্র, হোটেল এবং আত্মীয়দের বাড়িতে অবস্থান করছেন। স্পোকেন কাউন্টির শেরিফ জন নোয়েলস জানিয়েছেন, চরম আবহাওয়ার ঝুঁকির কারণে সরিয়ে নেওয়ার আদেশ এত দ্রুত প্রত্যাহার করা সম্ভব নয়। পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাসিন্দাদের নিজেদের বাড়িতে ফিরতে দেওয়া হলে জীবনহানির বড় ধরনের ঝুঁকি থেকে যায়। এতে চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন ক্ষতিগ্রস্ত মানুষগুলো, যাদের অনেকের বাড়িঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

ওয়াশিংটন রাজ্যজুড়ে বর্তমানে ডজনখানেকেরও বেশি অনিয়ন্ত্রিত দাবানল জ্বলছে, যা নেভাতে সাত হাজারেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী কাজ করছেন। প্রশাসনের তথ্যমতে, অঙ্গরাজ্যটি বর্তমানে ইতিহাসের অন্যতম মারাত্মক দাবানল মৌসুমের মুখোমুখি দাঁড়িয়েছে।

সূত্র: এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights