দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের

অনলাইন ডেস্ক
রবিবার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধি দল।

আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সংকট দূর করতে বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে স্বল্পসুদের দীর্ঘমেয়াদি গৃহঋণ চালুর দাবিও তুলেছেন আবাসন খাতের উদ্যোক্তারা। সংশ্লিষ্টরা বলছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যবিত্তের ফ্ল্যাট কেনা সহজ হওয়ার পাশাপাশি আবাসন খাতেও নতুন গতি ফিরবে।

রবিবার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধি দল। বৈঠকে আবাসন খাতে দীর্ঘমেয়াদি স্বল্পসুদের গৃহঋণ চালু এবং বিশেষ হাউজিং তহবিল গঠনের দাবি জানান উদ্যোক্তারা।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ পরিবেশ, বিদ্যমান সংকট এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে রিহ্যাব নেতারা বলেন, প্রথমবারের মতো ফ্ল্যাট ক্রেতাদের জন্য সহজ শর্তে ও এক অঙ্কের সুদে (১০ শতাংশের নিচে) দীর্ঘমেয়াদি গৃহঋণের ব্যবস্থা করা গেলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের আবাসনের স্বপ্ন পূরণ সহজ হবে। একই সঙ্গে দেশের অন্যতম বৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী আবাসন খাতেও নতুন গতি সঞ্চার হবে।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, স্বল্পসুদের দীর্ঘমেয়াদি গৃহঋণ চালু করা গেলে একদিকে আবাসন খাত চাঙ্গা হবে, অন্যদিকে সাধারণ মানুষের জন্য নিজস্ব বাসস্থান অর্জন আরও সহজ হবে।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, রাজধানী ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমাতে জেলা ও উপজেলা পর্যায়ে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এজন্য সারা দেশে স্বল্পসুদের হাউজিং ঋণের সুযোগ সম্প্রসারণ করতে হবে।

জবাবে গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও শিল্পায়নে আবাসন খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাউজিং খাতের ঋণ ব্যাংকিং খাতের অন্যতম নিরাপদ ঋণ হওয়ায় অন্যান্য অনেক খাতের তুলনায় এর সুদের হার তুলনামূলক কম থাকে। বর্তমানে অনেক ক্ষেত্রে আবাসন ঋণের সুদের হার অন্যান্য ঋণের চেয়ে প্রায় ২ শতাংশ পর্যন্ত কম রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, দীর্ঘমেয়াদি আবাসন ঋণের অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা চালুর বিষয়ে কাজ করছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে আবাসন খাতে দীর্ঘমেয়াদি তহবিলের জোগান বাড়বে এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ গ্রহণ আরও সহজ হবে।

বৈঠকে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং পরিচালক তাসনোভা মাহবুব সালাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights