দুদক সচিব হিসেবে যোগ দিলেন সাইদুর রহমান খান
অনলাইন ডেস্ক
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সচিব হিসেবে যোগদান করেছেন মো. সাইদুর রহমান খান। রবিবার (২ আগস্ট) তিনি দুদক সচিব হিসেবে যোগদান করেন। এদিন বিকেল সাড়ে ৩টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সাইদুর রহমান খান বলেন, দ্রুততম সময়েই কমিশন গঠন হবে। নতুন সরকার গঠন হয়েছে। সরকারের নির্বাচনি অঙ্গীকার আছে। সংস্কারে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, আমরা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি। এর অংশ হিসেবে এখানে যোগ দিয়েছি।
এর আগে গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি গত ৫ জানুয়ারী থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের একজন সদস্য।
শিক্ষা জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রী এবং শিক্ষায় এম এ ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের গ্রীনউইচ ইউনিভারসিটি থেকে উচ্চতর ডিগ্রী লাভ করেন। তাঁর নিজ জেলা রাজশাহী।
