দুদকের মামলায় পাউবোর উচ্চমান সহকারীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় রংপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের উচ্চমান সহকারী হাসনা বানুকে ৪ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে ৪৩ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালতের বিচারক। সোমবার দুপুরে রংপুরের স্পেশাল জজ হায়দার আলী এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশি পাহারায় আদালতের হাজত খানায় নেয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, মোছাম্মৎ হাসনা বানু লিপি পানি উন্নয়ন বোর্ড রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর রংপুর কার্যালয়ের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত আছেন। তিনি চাকরিকালীন বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন। বিষয়টি নিয়ে দুদক অনুসন্ধান করে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে দুদক আইনে মামলা দায়ের করা হয়। মামলার বাদী ছিলেন দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাকারিয়া। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জসিট দাখিল করা হয়। মামলায় সাক্ষ্য-জেরা শেষে বিচারক হাসনা বানু লিপিকে দোষী সাব্যস্ত করে ৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৪৩ লাখ টাকা জরিমানার আদেশ দেন। সেই সাথে আত্মসাৎকৃত ৪৩ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন এবং আগামী ৬০ দিনের মধ্যে ওই টাকা সরকারি কোষাগারে জমা দেবার আদেশ দেন।

দুদকের আইনজীবী হারুন উর রশীদ জানান, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রমানিক জানান, তারা ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights