দুবলারচরে সাগরে গোসলে নেমে ভেসে গেলেন পর্যটক
বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনের দুবলারচরে সাগরে গোসল করতে নেমে রিয়াজ (২৫) নামের এক পর্যটক স্রোতের টানে ভেসে গেছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকালে দুবলার আলোরকোলে এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটকের সন্ধানে সাগরে তল্লাশি শুরু করেছে কোস্টগার্ড। রাত ৯টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। ওই পর্যটকের বিস্তারিত পরিচয় এখনো জানতে পারেনি সুন্দরবন বিভাগ।
দুবলা ফিসারম্যান গ্রুপের সদস্য ও রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোলিনী থেকে ৩০ জন পর্যটক বিকাল ৩টার দিকে আলোরকোলে আসেন। তারা সাগরের পানিতে নেমে গোসলের সময় স্রোতের টানে রিয়াজ সাগরে ভেসে গেছেন। ঘটনার পরপরই দুবলা স্টেশনের কোস্টগার্ড সদস্য ও জেলেরা তল্লাশি শুরু করেছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল নিখোঁজ পর্যটকের সন্ধানে সাগরে তল্লাশি চালাচ্ছে।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হাছানুর রহমান জানান, শুক্রবার সকালে সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশন অফিস থেকে পাস নিয়ে দুটি টুরিস্ট বোটে করে ৩০ জন পর্যটক সুন্দরবনের দুবলার চরে যায়। তাদের মধ্যে একজন পর্যটক গোসলের সময় সাগরে ভেসে যায় বলে জানতে পেরেছি।
