দুর্গম পাহাড়ে ‘১ টাকায় বাজার ও চিকিৎসা’ প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি
দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে যৌথ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সেনাবাহিনী ৩২ ফিল্ড রেজিমেন্ট ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

এ উদ্যোগের আওতায় মঙ্গলবার সকালে খাগড়াছড়ির দুর্গম লক্ষিছড়ি উপজেলায় আয়োজিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘১ টাকায় বাজার’ কার্যক্রম এবং বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প। এ উদ্যোগে উপকৃত হয়েছেন শত শত মানুষ।

এ কার্যক্রমে প্রায় ৫০০ দরিদ্র পরিবার মাত্র ১ টাকার বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহের সুযোগ পান। প্রতিটি পরিবার প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা মূল্যের বাজারসামগ্রী গ্রহণ করেছে। দরিদ্র মানুষের আত্মসম্মানবোধ অক্ষুণ্ণ রাখা ও সহায়তা গ্রহণে মানসিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই প্রতীকী মূল্য হিসেবে নেয়া হয়েছে মাত্র ১ টাকা।

‘১ টাকায় বাজার’ সুপারশপ থেকে চাল, তেল, ডিম, আটা, ডাল ও শিক্ষাসামগ্রীসহ ১৭ ধরনের পণ্য সামগ্রী নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী পণ্য নির্বাচন করে সংগ্রহ করেন উপকারভোগীরা।

একইসঙ্গে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন ৫ শতাধিক মানুষ। মেডিসিন, চক্ষু, শিশু ও গাইনি বিভাগসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ৬ জন চিকিৎসক দিনব্যাপী সেবা প্রদান করেন। রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ ও চশমাও বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও মানবিক সহায়তাকে মর্যাদাপূর্ণভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে ৩২ ফিল্ড রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম, লক্ষিছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউসার হামিদ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন সহ সামরিক-বেসামরিক প্রশাসনের সদস্যবৃন্দ ও গণমাধ্যমের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights