দুর্গাপুরে পানের বরজে মিলল ঝুলন্ত লাশ, স্বজনদের দাবি হত্যাকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় রাসেল মোল্লা (২৫) নামে এক পানচাষির গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বরজের ছাউনির বাঁশের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। তবে তার পা দুটি মাটিতে ছিল। রাসেলকে হত্যা করে এভাবে গলায় ফাঁস দিয়ে লাশ রাখা হয়েছে বলে দাবি স্বজনদের।

শনিবার সকালে দুর্গাপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এর আগে শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। রাসেল মোল্লা উপজেলার শ্যামপুর গ্রামের নাছের মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, রাসেলের নিজের জমিতে পানের বরজ আছে। তবে লাশ পাওয়া গেছে তার চাচা আব্বাস মোল্লার পানের বরজে। আগের রাত থেকে নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা শনিবার সকাল থেকে তাকে খোঁজাখুঁজি করছিলেন। খোজাখুঁজির একপর্যায়ে পানের বরজে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

রাসেল মোল্লার চাচাতো ভাই রিপন মোল্লা বলেন, রাসেল মোল্লা ভালো ছেলে ছিল। সে শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল, তাকে রাতের কোনো এক সময় কেউ হত্যা করে লাশ পানবরজের সঙ্গে ঝুলিয়ে রাখে। আমরা হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, হঠাৎ নিখোঁজের পর পানবরজে লাশ দেখে আমরা হতবাক। রাসেলের পরিবার সুখী পরিবার। আর সে নিজেও খুব সহজ সরল ছিল। এলাকায় কারও সঙ্গে তার কোনো শক্রতার কথা শোনা যায়নি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশের তদন্তও চলছে। এ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights