দুর্নীতির কারণে ঢুকছে রোহিঙ্গা!

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকছে। স্থল ও জলসীমাসহ সীমান্তের নানা রুট দিয়ে তারা দেশে ঢুকে পড়ছে। এটা আটকানো খুব কঠিন। গতকাল দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সদ্য সমাপ্ত ব্যাংকক সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের নীতিগত অবস্থান ছিল- আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেব না। তবে পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায়, আমাদের কিছু আর করার থাকে না। সে রকম পরিস্থিতিতে আমরা ৬০ হাজার রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছি। আনুষ্ঠানিকভাবে যে ঢুকতে দিয়েছি, তাও না। তারা বিভিন্ন পথে ঢুকেছে।

তিনি বলেন, সীমান্তে প্রচুর দুর্নীতি আছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। দুর্নীতির মাধ্যমে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। নৌকা নিয়ে ঢুকেছে। একটা সীমান্ত দিয়ে যে ঢুকছে, বিষয়টি এমনও নয়। বিভিন্ন জায়গা দিয়ে প্রবেশের কারণে তাদের আটকানো খুব কঠিন হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, অনেকেই আশঙ্কা করছেন, আরও একটি রোহিঙ্গা ঢল আসবে। এই আশঙ্কা আমাদেরও আছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়েই সেই ঢলকে আটকানোর ব্যবস্থা করতে হবে। ব্যাংককে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উ থান সোয়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারকে বলেছি, সীমান্ত তো তোমাদের নিয়ন্ত্রণে নেই। সীমান্ত তো রাষ্ট্রবহির্ভূত শক্তির (নন-স্টেট অ্যাক্টর) নিয়ন্ত্রণে চলে গেছে। রাষ্ট্র হিসেবে তো আমরা নন-স্টেট অ্যাক্টরের সঙ্গে যুক্ত হতে পারি না। কাজেই তাদের দেখতে হবে কোন পদ্ধতিতে সীমান্ত ও রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। ব্যাংককে ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক নিয়ে তৌহিদ হোসেন বলেন, বৈঠকে সীমান্ত, মাদক, অস্ত্র-মানব পাচার, মিয়ানমারের রাজনৈতিক ভবিষ্যৎ ও বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থার বিষয়ে সবাই মিয়ানমারকে সমর্থন করতে চায়। তবে এজন্য মিয়ানমারকে চলমান সমস্যা সমাধানে একটি সঠিক পথ খুঁজে বের করার পরামর্শ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights