দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিয়েই দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করাই হবে জেলা পরিষদের প্রধান লক্ষ্য। তাই সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না জানিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সোমবার চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে দায়িত্বগ্রহণের প্রথমদিনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় একথা বলেন মাহবুবের রহমান।
তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় ৩৭ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করব। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির সংস্কৃতি ছিল; এখন সময় এসেছে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জেলা পরিষদ পরিচালনার। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আমি এখানে নতুন হলেও আপনারা অভিজ্ঞ। আপনাদের সহযোগিতা নিয়েই কাজ করতে চাই। কোনো সমস্যা বা প্রয়োজন হলে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। এমন কর্মপরিবেশ নিশ্চিত করা হবে, যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন।’
জেলা পরিষদের সীমিত বাজেটের বিষয়টি তুলে ধরে প্রশাসক বলেন, চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে আলোচনা করা হবে এবং ভবিষ্যতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা করা হবে। পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা খন্দকার ইখতেখার উদ্দীন আরফাত, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. এসএম খালেকুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মো. আনিছ উদ্দীন ভূঞাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
