দৈত্যাকৃতির কোরবানির ষাঁড় ‘ঈশা খাঁ’কে নিয়ে বিপাকে কৃষক

নেত্রকোনা প্রতিনিধি

বারো ভুঁইয়ার একজন বিখ্যাত শাসক ঈশা খাঁর নামে নেত্রকোনায় একটি কোরবানির ষাঁড়ের নামকরণ করেছেন এক কৃষক। বিশালাকৃতির এ ষাঁড়টি এতটাই বড় এবং রাগী যে এর মালিক তাকে বাজারে নিতে পারছেন না।

ফলে নেত্রকোনা জেলা সদরের কাইলাটি গ্রামের কৃষক মো. শামছুল আলম খাইরুলের বাড়িতেই ক্রেতারা এসে দরদাম করছেন।

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির পশুর নামকরণ করা হয় চলচ্চিত্র বা মিডিয়া তারকাদের নামে। তবে ব্যতিক্রমভাবে কৃষক খাইরুল তার ষাঁড়ের নাম রেখেছেন মুঘল আমলের জনপ্রিয় ও প্রতিবাদী শাসক ঈশা খাঁর নামে, যিনি কিশোরগঞ্জের জঙ্গলবাড়িতে অবস্থান করতেন এবং নেত্রকোনাসহ আশেপাশের অঞ্চলে ব্যাপক পরিচিত।

খাইরুল জানান, প্রায় ৩০ মাস আগে সাত দিনের বয়সে ঈশা খাঁ তার গৃহে আসে মায়ের সঙ্গে। পরে তার মা বিক্রি হলেও ঈশা খাঁকে রেখে দেন। ছোটবেলা থেকেই ষাঁড়টির আচরণ ছিল শক্তিশালী ও প্রতিবাদী, যার কারণে তার নাম রাখা হয় ‘ঈশা খাঁ’। বর্তমানে ষাঁড়টির ওজন প্রায় দেড় টন, দৈর্ঘ্য ৮ ফুট ১ ইঞ্চি এবং উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। দৈনিক খাবার হিসেবে সে প্রায় ২০ কেজি খেয়ে থাকে।

খাইরুল ষাঁড়টির বাজারমূল্য নির্ধারণ করেছেন ১২ থেকে ১৫ লাখ টাকা। পাড়া-প্রতিবেশী ও দর্শনার্থীরা প্রতিনিয়ত খাইরুলের বাড়িতে আসছেন ঈশা খাঁকে এক নজর দেখতে। ক্রেতার থেকে সন্তোষজনক দর পেলে তিনি ষাঁড়টি বিক্রি করে দেবেন বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights