দ্বিতীয় দফায় গড়াল ইরানের নির্বাচন, লড়াইয়ে পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক
শুক্রবার (২৮ জুন) অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে না পারায় নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় দফায়। আগামী ৫ জুলাই দেশটিতে দ্বিতীয় দফায় ভোট নেয়া হবে।

আজ শনিবার এসব তথ্য জানিয়েছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আড়াই কোটির বেশি ভোট গণনার পর দেখা গেছে, সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান ১ কোটির বেশি ভোট পেয়েছেন। কার্যত তিনিই এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন। তার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি। তিনি ৯৪ লাখের বেশি ভোট পেয়েছেন।
ইরানের সংবিধান অনুযায়ী কোনো প্রার্থী ন্যূনতম ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে ব্যর্থ হলে দ্বিতীয় দফায় গড়াবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। এই পর্যায়ে প্রথম দফায় এগিয়ে থাকা দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। সে হিসাবে আগামী ৫ জুলাই পেজেশকিয়ান এবং জালিলির ফের লড়বেন প্রেসিডেন্টের মসনদ দখলের লড়াইয়ে।

প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ছয় জনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনির নেতৃত্বে গঠিত কর্তৃপক্ষ। এর মধ্যে দুই কট্টরপন্থী প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

শেষ পর্যন্ত নির্বাচনে লড়াই করেছেন চার প্রার্থী। এর মধ্যে তিনজন কট্টরপন্থী এবং একজন সংস্কারপন্থী। জালিলি এবং পেজেশকিয়ান ছাড়া অপর দুই প্রার্থী হলেন মোহাম্মদ বাঘের গালিবাফ এবং মোস্তফা পুরমোহাম্মদি।

১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে। সংবিধান অনুযায়ী, ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল দেশটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights