দ্বিতীয় স্ত্রীর মামলায় জামিন নামঞ্জুর নাদিম হত্যার আসামি বাবুর
জামালপুর প্রতিনিধি
জামালপুরে দ্বিতীয় স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু ও তার সহযোগী রেজাউলের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলী আদালতের বিচারক তানভীর আহম্মেদ এই আদেশ দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, বাবু চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেফতার দেখানো হয় সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু ও তার সহযোগী রেজাউলকে। এরপর তারা আদালতে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
উল্লেখ্য, গত ১১ মে বাবুর দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন শারীরিক নির্যাতন, চুরি ও হুমকি প্রদানের অভিযোগ এনে মাহমুদুল আলম বাবু, রেজাউল করিম ও বাবুর ভাই এস এম কবিরকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার আসামি বাবু ও রেজাউল করিম সাংবাদিক রব্বানী হত্যা মামলার উল্লেখযোগ্য আসামি।
