নজরুলের আদর্শে বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে : মীর হেলাল
অনলাইন ডেস্ক
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করতে হবে। তার আদর্শ অনুসরণ করে বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
রবিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম কেবল কবি নন, তিনি সাম্য, মানবতা, প্রতিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তার সাহিত্য ও সংগীতে মানুষের অধিকার, মর্যাদা, স্বাধীনতা এবং শোষণমুক্ত সমাজ গঠনের আহ্বান রয়েছে।
তিনি বলেন, নতুন প্রজন্মকে নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন সম্পর্কে জানতে হবে এবং তার মানবতাবাদী চিন্তা নিজেদের জীবনে ধারণ করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না। সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তাদের সৃজনশীলতা, মননশীলতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।
তিনি আরও বলেন, বিশেষ করে মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের নজরুলের সাম্যের গান, হামদ, নাতসহ তার সমৃদ্ধ সাহিত্য ও সংগীতের সঙ্গে পরিচিত হতে হবে। এসব চর্চা শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। নজরুলের সৃষ্টিকর্মে ধর্মীয় সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা এবং অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা রয়েছে। ধর্ম, বর্ণ, শ্রেণি কিংবা পরিচয়ের ভেদাভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করার এই শিক্ষা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া জরুরি।
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল প্রতিযোগিতার আয়োজনের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব উদ্যোগ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে। জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের মানবিক, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। নতুন প্রজন্মের চিন্তা ও কাজে নজরুলের আদর্শের প্রতিফলন ঘটলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ সুগম হবে।
