নাইক্ষ্যংছড়িতে বন্যায় ব্রিজ ক্ষতিগ্রস্ত, চলাচল বন্ধ

কক্সবাজার প্রতিনিধি

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের জারুলিয়াছড়ি বেইলি ব্রিজের গাইডওয়ালের মাটি সরে গেছে। এতে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

এর ফলে রামু ও নাইক্ষ্যংছড়ির কয়েকটি ইউনিয়নের প্রায় ৫ লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বন্ধ হয়ে গেছে পণ্য পরিবহন ও জরুরি সেবা।

রবিবার নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সড়ক। ব্রিজটি বন্ধ হয়ে যাওয়ায় কয়েকটি ইউনিয়নের লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত ব্রিজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান বলেন, ব্রিজটি দ্রুত মেরামতের জন্য সড়ক বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া কেউ যেন ঝুঁকি নিয়ে ওই পথে চলাচল না করেন, সে বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

বান্দরবান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে ব্রিজটির মেরামত কাজ শুরু করা হচ্ছে। কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় যান চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হবে।

এদিকে যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে ঘটনাস্থলে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং বিদ্যুৎ বিভাগের সদস্যরা যৌথভাবে কাজ করছেন।

১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির বলেন, এ সড়কে মিয়ানমার সীমান্তে দায়িত্বরত বিজিবির ব্যাটালিয়ন সদর ও বিওপিসহ অনেক অফিস বা স্থাপনা রয়েছে। ঝুঁকিপূর্ণ এই ব্রিজসহ এই সড়কের সব ব্রিজ দ্রুত সংস্কার করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights