নাইজারে সামরিক অভিযান পরিকল্পনা চূড়ান্ত, আরেকটি যুদ্ধ আসছে?

অনলাইন ডেস্ক

গত বছরের ফেব্রুয়ারিতে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান ‍শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। সেই যুদ্ধ এখনও চলছে। এর প্রভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছে বিশ্ব অর্থনীতি। এর মধ্যেই আরেকটি যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ববাসী।

জানা গেছে, সম্প্রতি সেনা অভ্যুত্থানের শিকার নাইজারে সামরিক হামলা চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে পূর্ব আফ্রিকার ১৫ দেশের জোট ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোয়াস)।

নাইজেরিয়ার রাজধানী আবুজায় তিন দিন ধরে বৈঠক করে এই পরিকল্পনা চূড়ান্ত করেন জোটটির সদস্য দেশগুলোর সেনাপ্রধানরা।
বৈঠকে তারা ঠিক করেন কীভাবে ও কোথায় প্রথম হামলা চালানো হবে। তবে হামলার আগে নাইজারকে এ ব্যাপারে অবহিত করা হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইকোয়াসের রাজনৈতিক বিষয়াবলী, শান্তি ও নিরাপত্তাবিষয়ক কমিশনার আব্দেল-ফাতাও মুসাহ শুক্রবার বলেছেন, এসব ব্যাপারে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রীয় প্রধানরা।

তিনি আরও বলেছেন, “সামরিক অভিযান চালানো হলে কী কী করা হবে তা এই বৈঠকে ঠিক করা হয়েছে, যার মধ্যে রয়েছে আমাদের কী কী লাগবে, কোথায় এবং কীভাবে আমরা সেনা মোতায়েন করব।”

নাইজারে সম্ভাব্য সামরিক হামলা চালানোর জন্য সংসদের উচ্চকক্ষ সিনেটের কাছে অনুমোদন চেয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। এছাড়া সেনেগালও জানিয়েছে, ইকোয়াস সিদ্ধান্ত নিলে তারা নাইজারে সেনা পাঠাবে।

তবে নাইজারের সামরিক জান্তা জানিয়েছে, যেকোনও ধরনের বহিঃআক্রমণ তাৎক্ষণিকভাবে প্রতিহত করবে তারা।

এছাড়াও ইকোয়াস সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নিলেও জোটটির সদস্য মালি ও বুরকিনা ফাসো এর বিরোধিতা করেছে। তারা উল্টো হুমকি দিয়েছে, নাইজারের ওপর কোনও হামলা হলে সেটিকে মালি ও বুরকিনা ফাসো তাদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বিবেবচনা করবে এবং যেকোনও সামরিক আগ্রাসনের মুখে নাইজারের জান্তার সহায়তায় এগিয়ে আসবে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে অবরুদ্ধ করে রক্তপাতবিহীন এক সামরিক অভ্যুত্থান ঘটায় দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা। এরপর সেনাবাহিনীর বিশেষ এ শাখার প্রধান জেনারেল আব্দুররহমান চিয়ানি নিজেকে দেশের প্রধান হিসেবে ঘোষণা করেন।

৫৯ বছর বয়সী জেনারেল চিয়ানি ২০০৩ সালে আইভরি কোস্টে ইকোয়াসের ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। তাই তিনি খুব ভালো করেই জানেন তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযান চালানো হতে পারে। সূত্র: রয়টার্স, আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights