নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি

অনলাইন ডেস্ক

নেপালে রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসতে পারেন সাবেক প্রধান বিচারপতি সুচিলা কার্কি। কেপি শর্মার পদত্যাগের পর গত ২৪ ঘণ্টায় দেশটিতে কার্যত কোনও সরকার নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে নেপাল সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিয়েছে। খবর এনডিটিভির।

সূত্র জানায়, তরুণদের সমন্বয়ে গঠিত ‘জেন জেড গ্রুপ’ বর্তমানে জুম বৈঠকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করতে আলোচনা করছে। অন্তত তিনজনের নাম বিবেচনায় আছে।

কে এই সুশীলা কার্কি?
১৯৫২ সালের ৭ জুন নেপালের বিরাটনগরে জন্ম নেওয়া সুশীলা কার্কি রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে পড়াশোনা করেন। ১৯৭২ সালে বিরাটনগরের মহেন্দ্র মরাং ক্যাম্পাস থেকে তিনি বিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে ভারতের বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং ১৯৭৮ সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।

১৯৭৯ সালে বিরাটনগরে আইন পেশায় যোগ দেন কার্কি। পরে ১৯৮৫ সালে সহকারী শিক্ষক হিসেবেও কাজ করেন। ২০০৭ সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হন। ২০০৯ সালের ২২ জানুয়ারি সুপ্রিম কোর্টের অ্যাড-হক বিচারপতি এবং ২০১০ সালের ১৮ নভেম্বর স্থায়ী বিচারপতি নিযুক্ত হন। ২০১৬ সালের ১৩ এপ্রিল থেকে ১০ জুলাই পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করার পর ১১ জুলাই ২০১৬ থেকে ৭ জুন ২০১৭ পর্যন্ত প্রধান বিচারপতির পদে ছিলেন।

তার বিচারিক মেয়াদে বহু গুরুত্বপূর্ণ রায় এসেছে। বিশেষ করে ট্রানজিশনাল জাস্টিস ও নির্বাচনী বিরোধ নিয়ে। তবে ২০১৭ সালে তার বিরুদ্ধে সংসদে অভিশংসন প্রস্তাব আনা হয়েছিল, যা প্রবল জনচাপ ও আদালতের নির্দেশে পরে প্রত্যাহার করা হয়। ব্যক্তিগত জীবনে তিনি নেপালি কংগ্রেসের নেতা দুর্গা প্রসাদ সুবেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সুবেদীর সঙ্গে তার পরিচয় হয়েছিল বারাণসীতে পড়াশোনার সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights