নানা আয়োজনের মধ্যে দিয়ে নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী পালিত
শুভ সরকার, নড়াইল থেকে
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
১০ আগষ্ট রবিবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল এর আয়োজনে সকাল ৬ টায় শিল্পীর রুহের মাগফেরাত কামনা করে পবিত্র কোরআন খতম, সকাল ৯ টায় শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন, জেলা শিল্পকলা একাডেমী, এস,এম সুলতান স্মৃতি সংগ্রহ শালা,এস এম সুলতান আর্ট কলেজ, মুর্ছনা সংগীত একাডেমী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
জেলা প্রশাসক ও এসএমএস সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ পরিচালক ও নড়াইল পৌরসভার প্রশাসক জুলিয়া শুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল হোসেন সিকদার, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, জেলা কালচারাল অফিসার মোঃ আব্দুল রাকিবিল বারী, এস,এম সুলতান স্মৃতি সংগ্রহ শালার কিউরেটর তদ্রা মূখার্জী,এস,এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা,সাংবাদিক,চিত্রশিল্পী,সাংস্কৃতিক কর্মিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে এস এম সুলতান ১৯৮২ সালে পেয়েছেন একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননাসহ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ সম্মাননাসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।
অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন এ গুনী শিল্পী। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ এসএম সুলতানকে জন্মভূমি নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় সুলতান কমপ্লেক্স চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়।
