নাম্বার নাইনেই কি ফিরবে ব্রাজিলের সুদিন, কি বার্তা দিলেন রোনালডো নাজারিও

অনলাইন ডেস্ক

চলতি ২০২৬ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের পর মাঠের খেলা ছাপিয়ে এখন আলোচনায় ব্রাজিলের দুই প্রজন্মের দুই ‘নম্বর ৯’-এর রসায়ন। স্কটিশদের হারিয়ে ইতিমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে সেলেসাওরা। তবে এই ম্যাচের পর ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও এবং বর্তমান স্ট্রাইকার মাথেউস কুনহার মধ্যকার একটি সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা আদান-প্রদান ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজের চেনা ছন্দেই রয়েছেন কুনহা। হাইতির বিপক্ষে জোড়া গোলের পর স্কটল্যান্ডের বিপক্ষেও ম্যাচের ৬০ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। গোল উদযাপনের সময় কুনহা তর্জনী উঁচিয়ে এক বিশেষ ভঙ্গি প্রদর্শন করেন, যা হুহু করে ফিরিয়ে আনে ২০০২ বিশ্বকাপের স্মৃতি। ব্রাজিলের হয়ে ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী মহানায়ক রোনালডো নাজারিও নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঠিক একই ভঙ্গিতে গোল উদযাপনের একটি ছবি পোস্ট করে কুনহাকে উদ্দেশ্য করে লেখেন, শেষবার যখন ব্রাজিলের কোনো ৯ নম্বর জার্সিধারী এভাবে উদযাপন করেছিল, তখন কী ঘটেছিল তা সবার জানা। ২০০২ সালে সেলেসাওদের সর্বশেষ বিশ্বকাপ এনে দেওয়া রোনালদো মূলত কুনহার এই উদযাপনে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়েরই ইঙ্গিত দিয়েছেন।

কিংবদন্তির এমন ভবিষ্যদ্বাণী ও প্রশংসায় আপ্লুত বর্তমান ৯ নম্বর জার্সিধারী মাথেউস কুনহাও প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি। রোনালদোর পোস্টে মন্তব্য করে কুনহা লেখেন, রোনালদো তার একমাত্র আদর্শ এবং এই কিংবদন্তির প্রশংসায় তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। কুনহা আরও যোগ করেন যে, ৯ নম্বর জার্সিটি চিরকাল রোনালদোরই থাকবে এবং রোনালদো যদি মাঠের লড়াইয়ে বর্তমান দলকে একটু সাহায্য করতে চান, তবে তিনি আবারও সেই চেনা ‘আর-নাইন’ রূপটি দেখতে মুখিয়ে আছেন। দুই স্ট্রাইকারের এই মজার ও আবেগঘন কথোপকথন দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বকাপ ট্রফির অপেক্ষায় থাকা ব্রাজিলিয়ান সমর্থকদের প্রত্যাশার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। ভিনিসিয়াস জুনিয়র ও কুনহার মতো তরুণদের দুর্দান্ত ফর্ম এবং সেই সাথে নেইমারের দলে প্রত্যাবর্তন কার্লো আনচেলত্তির শিষ্যদের আত্মবিশ্বাস আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রাউন্ড অব সিক্সটিনে নেদারল্যান্ডস, সুইডেন কিংবা জাপানের মুখোমুখি হওয়ার অপেক্ষায় থাকা ব্রাজিল দল এবার কিংবদন্তিদের আশীর্বাদ মাথায় নিয়েই হেক্সা মিশনের দিকে এগিয়ে যাচ্ছে।

সূত্র: মার্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights