নারায়ণগঞ্জে মা-বাবাকে মারধরের অভিযোগে যুবকের কারাদণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা-বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে পারভেজ খান (২৫) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত পারভেজ খান উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকার মোশারফ খানের ছেলে। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের মারধর করতেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। গত ৩০ এপ্রিল একই অভিযোগে তার বাবা-মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান বলেন, মঙ্গলবার মাদকের টাকার জন্য তিনি বাবা-মাকে মারধর ও ঘরে ভাঙচুর চালান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
