নারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সাথে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত হলেন নরসিংদীর নোয়াকান্দি এলাকার মো. সুলতানের ছেলে মো. জালাল (৪১)। তিনি ভিকটিম রিজিয়া খাতুনের (৫৫) মেঝো মেয়ে লতুফার সম্পর্কে দেবর হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ওসি আসাদুজ্জামান জানান, ২০০৭ সালের ৬ অক্টোবর রাতে আড়াইহাজারের ঝাউগড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে রফিকুল তার মা রিজিয়া খাতুনকে সেহেরি খাওয়ার জন্য ডাকতে গিয়ে মাথা কাটা রক্তাক্ত জখম অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় রফিকুল বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করে। সেই মামলার তদন্তে জালালকে হত্যাকারী হিসেবে সনাক্ত করা হয়। সেই সাথে মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী সহ ১৩ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights