নারী নির্যাতন প্রতিরোধে অবদান রাখা ১২ নারীকে বিশেষ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নারী নির্যাতন প্রতিরোধ ও মানবাধিকার প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদানের জন্য বরিশালে ১২ জন নারীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সোমবার দুপুরে নগরীর নবগ্রাম রোডের একটি এনজিও হলরুমে তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্ত নারীদের মধ্যে রয়েছেন- বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের হেনারা বেগম ও লাইজু বেগম, চরবাড়িয়া ইউনিয়নের ফরিদা ইয়াসমিন ও খাদিজা বেগম, চরকাউয়া ইউনিয়নের বেনজীর হাবিব ও নাজমুন নাহার, চাঁদপুরা ইউনিয়নের জোৎস্না আক্তার ও শাহিদা সুলতানা, রায়পাশা ইউনিয়নের তাসলিমা বেগম ও মাহিনুর বেগম, এবং চরমোনাই ইউনিয়নের মরিয়ম আক্তার ও সুভ্রা রানী।

অনুষ্ঠানে আয়োজক সংস্থার প্রতিনিধি শুভংকর চক্রবর্তী বলেন, নারী ও কন্যার প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে এবং নারী নির্যাতন প্রতিরোধ ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য এই ১২ জন নারীর অবদানকে সম্মাননা দিয়ে স্বীকৃতি দেওয়া হয়েছে।

প্রধান অতিথি, বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, বাংলাদেশের অর্ধেকের বেশি জনসংখ্যা নারী। সব ক্ষেত্রেই নারীদের অবদান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাঁদের নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্ব নিশ্চিত করা পুরো জাতির উন্নয়নের জন্য অপরিহার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights