না‌লিতাবাড়ী‌তে শ্রমি‌কের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে এক‌টি অ‌টো রাইস মিলের নির্মাণাধীন সম্প্রসারিত অংশ থে‌কে লিটন মুরমু (২৫) নামে এক ‌নির্মাণ শ্রমি‌কের মাথা থেতলানো মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়নের রানীগাঁও গ্রামের অ‌টোরাইস মিল থে‌কে লাশ উদ্ধার করা হয়। লিটন মুরমু দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরসভার মাগরাই গ্রামের বাসিন্দা।

মি‌লের শ্রমিক, মিল কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা যায়, অটো রাইস মিলের পাশেই গত তিন মাস আগে আতব, মিনিকেট ও মোটা চাল তৈরির জন্য আরও পাঁচটি ডায়া স্থাপনের নির্মাণ কাজ শুরু হয়। সম্প্রসারিত ওই নির্মাণ কা‌জে মি‌লের ডায়া স্থাপনের কাজ করছিলেন দিনাজপুরের একদল শ্রমিক। গত ১৮ আগস্ট শুক্রবার ডায়া স্থাপনের প্রধান মিস্ত্রিসহ দুইজন ছুটিতে বাড়িতে যান। বর্তমানে নিহত লিটনসহ মোট ৬জন শ্রমিক কাজ করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রতিদিনের মতো কাজ সেরে সপ্তাহ শেষের মজুরি নিয়ে চলে যায় শ্রমিকেরা। পরে রাতের খাবার খেয়ে ৪ শ্রমিক ভাড়া নেওয়া ঘরে ফিরে গেলেও থেকে যান রাকিব ও লিটন নামে দুই শ্রমিক। রাত সাড়ে দশটার দিকে রাকিব ঘরে ফিরলেও কাজের কথা বলে মিল এলাকায় রয়ে যায় লিটন। মধ্যরাত পর্যন্ত সহকর্মীরা অপেক্ষা করে দরজা আটকে ঘুমিয়ে পড়ে। ভোর পর্যন্ত না ফেরায় সহকর্মীরা লিটনকে খুঁজতে থাকে। একপর্যায়ে নির্মাণাধীন একটি ডায়ার নিচে মাথার পেছনের অংশ থেতলানো অবস্থায় লিটনের মরদেহ পড়ে থাকতে দেখে শ্রমিক গোপাল। পরে মিলের গার্ডকে বলা হলে মিল কর্তৃপক্ষকে জানানো হয়। মিল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল রায়হানা ইয়াসমিন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকসহ সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ওই মরদেহ উদ্ধার করে ময়য়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদ করতে থানা নেওয়া হয় সঙ্গে থাকা অপর পাঁচ শ্রমিককে।
না‌লিতাবাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান,‌জিজ্ঞাসাবা‌দের জন্য পাঁচজন‌কে থানায় আনা হ‌য়ে‌ছে। ঘটনা তদন্তে সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ কর‌ছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights