নিজ বাড়িতে মিলল ‘সোপ্রানোস’ অভিনেতা ভিনসেন্ট পাস্তোরের মরদেহ

অনলাইন ডেস্ক

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দ্য সোপ্রানোস’ ধারাবাহিকে সালভাতোর ‘বিগ পুসি’ বোনপেনসিয়েরো চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া মার্কিন অভিনেতা ভিনসেন্ট পাস্তোর মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

পাস্তোর মাফিয়া ও দুর্ধর্ষ চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। শনিবার তাঁর মৃত্যুর খবর অ্যাসোসিয়েটেড প্রেসকে নিশ্চিত করেছেন ‘দ্য সোপ্রানোস’-এ অভিনয়ের সময় থেকে তাঁর ব্যবস্থাপক বব ম্যাকগোয়ান।

ম্যাকগোয়ান জানান, শনিবার তিনি ‘দ্য সোপ্রানোস’র আরেক অভিনেতা ভিনসেন্ট কুরাতোলার কাছ থেকে পাস্তোরের মৃত্যুর খবর জানতে পারেন। কয়েক দিন ধরে পাস্তোরের কোনো খোঁজ না পাওয়ার পর নিউইয়র্কের সিটি আইল্যান্ডে তাঁর বাড়িতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তিনি জানান, একটি সম্ভাব্য কাজের বিষয়ে পাস্তোরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। পরে তাঁর মৃত্যুর খবর জানতে পারেন।

পাস্তোর সম্পর্কে ম্যাকগোয়ান বলেন, তিনি ছিলেন তাঁর সবচেয়ে অনুগত মক্কেল। তিনি নিয়মিত দাতব্য প্রতিষ্ঠানে দান করতেন এবং অন্যদের সাহায্য করতে সবসময় এগিয়ে আসতেন।

‘দ্য সোপ্রানোস’-এ কাজ করার আগে ৩০ বছরেরও বেশি সময় ধরে পাস্তোরের প্রতিনিধিত্ব করেছেন রবার্ট অ্যাটারম্যান। পাস্তোর ‘বিগ পুসি’ চরিত্রের জন্য স্মরণীয় হয়ে থাকলেও তাঁর অভিনয়জীবন এর চেয়েও অনেক বিস্তৃত ছিল বলে এপিকে পাঠানো এক ইমেইলে অ্যাটারম্যান বলেন। তথ্যসূত্র: এপি নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights