নিরাপত্তা শঙ্কায় রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশের ফ্লাইট স্থগিত

অনলাইন ডেস্ক

সৌদি আরবের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার রাতে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ঢাকা-দাম্মাম রুটের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

এ ছাড়া, চলমান নিরাপত্তা পরিস্থিতির সার্বিক দিক বিবেচনায় ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত সময়সূচি যথাসময়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

তবে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে।

জরুরি প্রয়োজনে রিয়াদ ও দাম্মামগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

এ অবস্থায় সংশ্লিষ্ট রুটের যাত্রীদের যাত্রার আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছ থেকে সর্বশেষ ফ্লাইটের সময়সূচি ও নির্দেশনা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights